কুয়েতের আদালতে কারাদণ্ডপ্রাপ্ত হয়ে লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রী নুরুন্নাহার বেগম হাইকোর্টে রিট দায়ের করেছেন।সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হয়। শুনানি শেষে এ বিষয়ে মঙ্গলবার (৮ জুন) আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী রিট দায়েরের বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়। লক্ষ্মীপুর-২ আসনটি শূন্য ঘোষণা করে আগামী ২১ জুন সেখানে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গত বছরের ৬ জুন রাতে পাপুলকে বাসা থেকে আটক করে কুয়েতের পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এ বছরের ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। রায়ে পাপুলের কাজে সহায়তাকারী হিসাবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা মাজেন আল জাররাহসহ কুয়েতি দুই কর্মকর্তাকেও একই দণ্ড দিয়েছেন আদালত।
পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছিল কুয়েতি প্রসিকিউশন।